ফেনীতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ৩ কিশোর গ্রেপ্তার
এম. জহিরুল হক মিলন, ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়া উপজেলায় এক মানসিক ও শারীরিকভাবে প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের অভিযোগে তিন কিশোরকে আটক করেছে পুলিশ। এ নিয়ে স্থানীয় পর্যায়ে সালিশি বৈঠকের নামে অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠলে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়।
আটককৃতরা হলো— ছাগলনাইয়া উপজেলার উত্তর ছয়ঘরিয়া গ্রামের আতিক হোসেন (১৯), আরমান হোসেন (১৬) এবং ইয়াসিন (১৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে দাওয়াতের কথা বলে ওই প্রতিবন্ধী নারীকে অটোরিকশায় করে পাশের গ্রাম উত্তর বল্লভপুর এলাকার এক জঙ্গলে নিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করে তারা। বিষয়টি জানাজানি হলে সোমবার (১৭ আগস্ট) রাতে স্থানীয় মাতব্বররা এক সালিশি বৈঠকের আয়োজন করেন। সেখানে অভিযুক্তদের ১০টি করে বেত্রাঘাত, ১০ হাজার টাকা করে জরিমানা এবং গলায় জুতার মালা পরানোর সিদ্ধান্ত দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।
সালিশি প্রহসনের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র জনক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে ছাগলনাইয়া থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত ৩ কিশোরকে গ্রেপ্তার করে।
ভুক্তভোগী নারীকে শারীরিক পরীক্ষা ও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু তাহের জানান, ভুক্তভোগী নারী কমলা আক্তারের স্বামী ইউসুফ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এআইএল/সকালবেলা
|