মণিরামপুরে শ্যালিকা ধর্ষণ: ডাক্তার রাফসান গ্রেপ্তার
আব্দুল্লাহ আল মামুন, যশোর: স্কুলজীবন থেকে নিজের আপন নাবালিকা শ্যালিকাকে বিয়ের প্রলোভন ও ব্ল্যাকমেইল করে দীর্ঘ সাত বছর ধরে ধর্ষণের লোমহর্ষক মামলার প্রধান আসামি যশোরের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহুল আলোচিত ও বিতর্কিত চিকিৎসক রাফসান জানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রবিবার (২৪ মে) এক বিশেষ অভিযানে যশোর কোতোয়ালি থানাধীন বাহাদুরপুর এলাকার রজনীগন্ধা তেল পাম্পের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে মণিরামপুর থানা পুলিশের একটি চৌকস দল।
যশোর জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলামের কঠোর নির্দেশনায় এই সফল অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে দুপুরের দিকেই ধৃত চিকিৎসককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে মণিরামপুর থানা পুলিশ নিশ্চিত করেছে।
মামলার এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সার্বিক সহযোগিতায় ভুক্তভোগী কলেজছাত্রী সামিয়া আফরোজ বাদী হয়ে তাঁর আপন দুলাভাই ডাক্তার রাফসান জানির বিরুদ্ধে মণিরামপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলায় তিনি অভিযোগ করেন, তিনি যখন ৭ম শ্রেণিতে পড়তেন, তখন থেকেই লম্পট দুলাভাই রাফসান জানি বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে ভাড়া বাসায় রেখে তাঁর ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। শুধু তাই নয়, কৌশলে ভুক্তভোগীর কিছু আপত্তিকর ছবি ও গোপন ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে তাকে মানসিকভাবে নির্যাতন ও ব্লাকমেইল করে আসছিল। এর আগে ভুক্তভোগী সামিয়া আফরোজ লালমনিরহাট জেলা প্রশাসক এবং হাতীবান্ধা থানায় রাফসানের বিরুদ্ধে ধর্ষণ ও নিরাপত্তাহীনতার লিখিত অভিযোগ জানানোর পর সর্বশেষ মণিরামপুর থানার শরণাপন্ন হন।
মামলা দায়েরের পর থেকেই ডাক্তার রাফসান জানি হাসপাতাল থেকে কোনো প্রকার ছুটি না নিয়ে সরকারি কর্মস্থলে বিনা অনুমতিতে আত্মগোপন করে। পলাতক অবস্থায় সে ভুক্তভোগী কলেজছাত্রীকে সহায়তাকারী মণিরামপুর, যশোর ও অভয়নগরের পেশাদার সাংবাদিকদের দমাতে স্থানীয় কিছু অর্থলোভী ও সুযোগসন্ধানী ছদ্মবেশী ব্যক্তির সাথে আঁতাত করে।
সে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন করার পাশাপাশি সাংবাদিকদের নামে বিভ্রান্তিকর ও বানোয়াট চাঁদাবাজির মামলা ঠুকে দেয়। এমনকি মণিরামপুর থানার সাবেক ওসির নামেও মিথ্যা মামলা দায়ের করে সে। সাংবাদিকদের বিরুদ্ধে এই হেনস্থার ঘটনায় চরম ক্ষুব্ধ হয়ে যশোরের সাংবাদিক সমাজ ওই চিকিৎসকের বিরুদ্ধে পৃথক মানহানির মামলা দায়ের করেন।
দীর্ঘ দুই মাস ধরে এই প্রভাবশালী চিকিৎসক গ্রেপ্তার না হওয়ায় স্থানীয় সাংবাদিক সমাজ, মানবাধিকার কর্মী এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছিল। এছাড়া বিনা ছুটিতে হাসপাতালে দিনের পর দিন অনুপস্থিত থাকায় মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হলেও স্বাস্থ্য বিভাগ তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো কঠোর বিভাগীয় ব্যবস্থা না নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা তৈরি হয়। দেশের বৃহৎ ও স্বনামধন্য বিভিন্ন সাংবাদিক সংগঠন এই লম্পট চিকিৎসকের কৃতকর্মের তীব্র নিন্দা জানিয়ে আসছিল।
আজ এই বিতর্কিত চিকিৎসক গ্রেপ্তার হওয়ার পর মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ এবং দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ জেলা পুলিশ সুপারের বিশেষ টিমকে সাধুবাদ জানিয়েছেন। সচেতন মহল অবিলম্বে লম্পট ডাক্তার রাফসানকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার পাশাপাশি গণমাধ্যমকর্মীদের নামে দায়েরকৃত সকল মিথ্যা ও হয়রানিমূলক মামলা দ্রুত প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন। সাংবাদিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অর্থ, পেশাগত ক্ষমতা বা পদ-পদবি খাটিয়ে কেউ যেন পার না পায় তা প্রশাসনকে প্রমাণ করতে হবে, অন্যথায় দেশব্যাপী রাজপথে তীব্র মানববন্ধনের ডাক দেওয়া হবে।
এআইএল/সকালবেলা