রাজশাহীতে যুবককে কুপিয়ে জখম
মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী: রাজশাহীর চন্দ্রিমা থানা এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক যুবক ও তাঁর মায়ের ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। লিজ নেওয়া লিচু বাগান পাহারা দেওয়ার সময় মো: মেহেদী হাসান বাপ্পি নামে এক যুবককে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা চালায় একদল চিহ্নিত সন্ত্রাসী। এ সময় ছেলেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হন তাঁর মা নূরজাহান পারভীন।
সোমবার (১১ মে) দুপুরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার জানায়, বাপ্পি তাঁদের লিচু বাগানে পাহারারত ছিলেন। এ সময় ৫ ভাইসহ একদল সশস্ত্র সন্ত্রাসী বাগানে প্রবেশ করে বাপ্পির ওপর অতর্কিত হামলা চালায়। তাঁকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করা হয়। খবর পেয়ে মা নূরজাহান পারভীন ঘটনাস্থলে পৌঁছালে তাকেও লাঞ্ছিত ও মারধর করা হয়। হামলাকারীরা বাপ্পির কাছে থাকা ৩ লক্ষ টাকা এবং তাঁর মায়ের গলা থেকে ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বাপ্পির নানী কমেলা ওরফে কনা অভিযোগ করেন, এই হামলাটি ১৭ বছর আগে সংঘটিত সুমন হত্যা মামলার আসামিদের প্রত্যক্ষ ইন্ধন ও যোগসাজশে চালানো হয়েছে। সুমন হত্যার বিচার না হওয়ায় আসামিরা জামিনে থেকে ক্রমাগত তাঁদের ওপর নির্যাতন চালিয়ে আসছে। চন্দ্রিমা থানায় দেওয়া লিখিত অভিযোগে মিঠুন, ইফতিখার, সালাম, খায়রুল ও আনোয়ারুলসহ ৫ ভাইয়ের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া সুমন হত্যা মামলার ১৮ জন আসামির পরোক্ষ মদদ থাকার কথা জানানো হয়েছে।
ঘটনার বিষয়ে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভিন্ন মত পোষণ করেছেন। তিনি জানান, অভিযোগটি তদন্ত করা হয়েছে। তাঁর দাবি অনুযায়ী, প্রকৃত দোষী বাপ্পি নিজেই। যদি মামলা নিতে হয় তবে বাপ্পির বিরুদ্ধেই নিতে হবে। ওসির এমন বক্তব্যে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতা ও ক্ষোভ প্রকাশ করেছে।
এ.আই.এল/সকালবেলা