কিশোরগঞ্জের হোসেনপুরে মাটি ফেলে সরকারি রাস্তা বন্ধ, জেলা পরিষদ প্রশাসকের সমাধানের প্রতিশ্রুতি

প্রকাশ: রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ণ
কিশোরগঞ্জের হোসেনপুরে মাটি ফেলে সরকারি রাস্তা বন্ধ, জেলা পরিষদ প্রশাসকের  সমাধানের প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সিএস ও আরএস রেকর্ডভুক্ত একটি চলমান সরকারি রাস্তা মাটি দিয়ে ভরাট করে সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন লাকুহাটি ও হরিশচন্দ্রপট্টি গ্রামের শত শত সাধারণ মানুষ। জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি অবরুদ্ধ হয়ে পড়ায় এলাকার নিম্নআয়ের রিকশা ও অটোরিকশাচালকরা কর্মহীন হয়ে পড়েছেন এবং ব্যাহত হচ্ছে স্থানীয় একটি মাজারের ভক্তদের যাতায়াতও।

ভুক্তভোগী এলাকাবাসী আজ রবিবার (২৪ মে) রাস্তাটি পুনরায় চলাচলের উপযোগী করা এবং সরকারি নকশা অনুযায়ী সীমানা নির্ধারণের দাবিতে কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসক জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল খানের (ভিপি সোহেল) সঙ্গে সাক্ষাৎ করে একটি লিখিত আবেদন জানিয়েছেন।

ভুক্তভোগী এলাকাবাসীর সঙ্গে কথা বলে জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান তাৎক্ষণিকভাবে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সাথে মুঠোফোনে কথা বলেছেন এবং দ্রুত সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। একই সাথে সমস্যা সমাধান হওয়ার আগ পর্যন্ত তিনি ভুক্তভোগী গ্রামবাসীকে শান্ত থাকার নির্দেশ দেন।

এ সময় তিনি অভিযুক্ত মো. রফিকুল ইসলামের সঙ্গে সরাসরি কথা বলে তৎক্ষণাৎ রাস্তা উন্মুক্ত করে দেওয়ার কড়া আদেশ দেন। সাধারণ জনগণের যাতায়াতে কোনো প্রকার বিঘ্নতা বা ক্ষমতার দাপট সহ্য করা হবে না বলেও তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

লিখিত আবেদন সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লাকুহাটি গ্রামের হাশিম মিয়ার (ডাবলী বাজার) বাজার থেকে উত্তর-পূর্ব দিকে লাকুহাটি মৌজার সীমানা পর্যন্ত সিএস ও আরএস রেকর্ডভুক্ত সরকারি রাস্তাটি যুগ যুগ ধরে সাধারণ মানুষের যাতায়াতের জন্য উন্মুক্ত ছিল। স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জনস্বার্থে রাস্তাটির কিছু অংশে ইটের সলিংও (এইচবিবি) করে দেওয়া হয়েছে। তবে গত ২৮ ফেব্রুয়ারি উক্ত রাস্তার পাশের ১১৬২/৪৯৫৫ নম্বর দাগের মালিক অটোচালক মো. রফিকুল ইসলাম হঠাৎ করেই চলমান রাস্তার মাঝখানে মাটি ফেলে যাতায়াতের পথ পরিপূর্ণ বন্ধ করে দেন। স্থানীয়রা এই অন্যায়ের প্রতিবাদ করলে অভিযুক্ত রফিকুল ইসলাম তাঁদের মারতে আসেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এলাকার একটি কুচক্রী মহল নিজেদের ব্যক্তিগত স্বার্থরক্ষার জন্য রফিকুলকে ঢাল হিসেবে ব্যবহার করে রাস্তা বন্ধের এই অপচেষ্টা চালাচ্ছে।

আবেদনে আরও বলা হয়, এই রাস্তা দিয়ে প্রতিদিন দুটি গ্রামের শত শত মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও রোগীরা চলাচল করেন। এলাকার বেশিরভাগ মানুষ নিম্নআয়ের হওয়ায় তাঁরা রিকশা ও অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। মাটি দিয়ে রাস্তা বন্ধ করার ফলে রিকশা ও অটোরিকশার স্বাভাবিক চলাচল স্থবির হয়ে গেছে এবং এলাকার চালকরা কর্মহীন হয়ে পড়েছেন। বর্তমানে গ্রামবাসীকে বাধ্য হয়ে অন্যের বাড়ির ভেতর দিয়ে কিংবা ফসলি জমির ওপর দিয়ে কাদা মাড়িয়ে যাতায়াত করতে হচ্ছে।

এছাড়া উক্ত রাস্তার পাশে হরিশচন্দ্রপটি গ্রামের সীমানায় আধ্যাত্মিক সাধক মরহুম রিয়াজ উদ্দিন ফকিরের মাজার বিদ্যমান, যেখানে প্রতি বৃহস্পতিবার জিকির ও দোয়ার মাহফিলে বিভিন্ন অঞ্চল থেকে শত শত ভক্তরা আসা-যাওয়া করেন। রাস্তা বন্ধ হওয়ায় তারাও যাতায়াতে চরম বিপাকে পড়েছেন।

আবেদনে ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগীরা আরও জানান, রাস্তার সরকারি সীমানা নির্ধারণের জন্য হোসেনপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অফিস থেকে দুই দফা সার্ভেয়ার (আমিন) আসার কথা থাকলেও এখন পর্যন্ত একদিনও কোনো কর্মকর্তা সরেজমিনে আসেননি। ফলে বিষয়টি ঝুলে রয়েছে এবং দিন দিন সামাজিক উত্তেজনা বাড়ছে।

এমতাবস্থায়, অনতিবিলম্বে সরকারি এই রাস্তা থেকে অবৈধ মাটি সরিয়ে এলাকার গরীব ও অসহায় মানুষের চলাচলের সুব্যবস্থা করতে এবং সরকারি নকশা অনুযায়ী সঠিক সীমানা নির্ধারণের জন্য জেলা পরিষদ প্রশাসকের নিকট জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

এআইএল/সকালবেলা