মিঠামইনে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের সবার মৃত্যু

প্রকাশ: সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৫০ অপরাহ্ণ
মিঠামইনে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের সবার মৃত্যু

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের মিঠামইনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী, স্ত্রী ও তাঁদের একমাত্র শিশু সন্তান নিহত হয়েছেন। চালবোঝাই একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের মরণঘাতী ধাক্কায় ঘটনাস্থলেই নিভে গেছে পুরো পরিবারটির জীবনের প্রদীপ। 

আজ সোমবার (২৫ মে) রাত সাড়ে ৭টার দিকে মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের কাস্তল ভাতশালা ব্রিজ এলাকায় এই লোমহর্ষক দুর্ঘটনা ঘটে।

হৃদয়বিদারক এই দুর্ঘটনায় নিহতরা হলেন— কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার মহিষাকান্দি এলাকার সাফাজ উদ্দিনের ছেলে মনির হোসেন (৩৫), তাঁর স্ত্রী মুন্নি আক্তার (৩০) এবং তাঁদের ফুটফুটে ৬ বছর বয়সী ছেলে সন্তান আয়ান।

মিঠামইন থানা পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ রাতে অলওয়েদার সড়কে অষ্টগ্রামের দিক থেকে একটি মোটরসাইকেলে করে স্ত্রী ও সন্তানকে নিয়ে মিঠামইনের নিজ বাড়ির দিকে আসছিলেন মনির হোসেন। মোটরসাইকেলটি ভাতশালা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক (মিঠামইন) থেকে অষ্টগ্রামগামী চালবোঝাই একটি দ্রুতগতির পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে সজোরে মুখোমুখি ধাক্কা দেয়। পিকআপের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলে থাকা স্বামী, স্ত্রী ও তাঁদের শিশু সন্তান ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যুবরণ করেন।

এদিকে দুর্ঘটনার পরপরই মহাসড়কে উপস্থিত স্থানীয় উত্তেজিত জনতা ধাওয়া করে ঘাতক পিকআপ ভ্যানটি জব্দ করে এবং এর চালককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশগুলো ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ঘাতক পিকআপ ও এর চালক আমাদের হেফাজতে রয়েছে। এই হৃদয়বিদারক ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

একসাথে একটি পুরো পরিবার এভাবে সড়ক দুর্ঘটনায় বিলীন হয়ে যাওয়ার ঘটনায় মহিষাকান্দি এলাকাসহ গোটা কিশোরগঞ্জে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে হাসপাতাল প্রাঙ্গণ।

এআইএল/সকালবেলা