বগুড়ায় অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রকাশ: রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ণ
বগুড়ায় অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ওয়াফিক শিপলু, বগুড়া প্রতিনিধি: মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে বগুড়ায় এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার বাইকাররা। 

রবিবার (১৭ মে) দুপুরে শহরের কেন্দ্রস্থল সাতমাথা এলাকায় সাধারণ মোটরসাইকেল চালক ও রাইডারদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া বাইকাররা ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমানে বাংলাদেশে মোটরসাইকেল শুধু একটি শখের বাহন নয়; এটি দেশের লাখ লাখ মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের দৈনন্দিন যাতায়াত, কর্মসংস্থান ও জীবিকা নির্বাহের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যমে পরিণত হয়েছে। বিশেষ করে রাইড শেয়ারিংয়ের মাধ্যমে হাজার হাজার বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে। এমন পরিস্থিতিতে নতুন করে মোটরসাইকেলের ওপর অগ্রিম আয়কর আরোপ করা হলে সাধারণ মানুষের ওপর মারাত্মক আর্থিক চাপ সৃষ্টি হবে।

বক্তারা তাদের বক্তব্যে আরও উল্লেখ করেন, বর্তমানে একটি মোটরসাইকেল কেনা এবং সেটি নিবন্ধনের (রেজিস্ট্রেশন) সময়ই ক্রেতাদের বিপুল পরিমাণ কর, ভ্যাট ও সরকারি ফি পরিশোধ করতে হয়। এর ওপর যদি আবার অতিরিক্ত অগ্রিম আয়কর যুক্ত করা হয়, তবে সাধারণ ও মধ্যবিত্ত ক্রেতারা মোটরসাইকেল কিনতে নিরুৎসাহিত হবেন। এর ফলে দেশীয় মোটরসাইকেল উৎপাদন ও বিপণন খাতের ব্যবসা-বাণিজ্যের বড় ধরনের ধস নামার পাশাপাশি সার্বিক গণপরিবহন ব্যবস্থাতেও তীব্র নেতিবাচক প্রভাব পড়তে পারে।

মানববন্ধন থেকে অবিলম্বে মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত এই বৈষম্যমূলক অগ্রিম আয়কর প্রত্যাহারের জন্য সরকারের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানানো হয়। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে শান্তিপূর্ণভাবে এই মানববন্ধন শেষ করেন অংশগ্রহণকারীরা।

এ.আই.এল/সকালবেলা