সুন্দরবনে গোলাগুলি, অপহৃত ৪ জেলে উদ্ধার

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ণ
সুন্দরবনে গোলাগুলি, অপহৃত ৪ জেলে উদ্ধার

মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি: সুন্দরবনে বনদস্যুদের সাথে বনকর্মীদের তুমুল গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। 

বুধবার (১৩ মে) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের কোকিলমনি এলাকার সিঙারটেকে এই সংঘর্ষ হয়। গোলাগুলির পর ঘটনাস্থল থেকে হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত ৪ জেলেকে উদ্ধার করেছে বনরক্ষীরা। এ সময় দস্যুদের ফেলে যাওয়া একটি বন্দুক ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়।

উদ্ধারকৃত জেলেরা হলেন—বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আবদুল বারেক খান ও মো: হাসান এবং খুলনার বটিয়াঘাটা উপজেলার নাছিম ও দাকোপ উপজেলার ইরাক শেখ।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করিম চৌধুরী জানান, শেলারচর টহল ফাঁড়ি ও স্মার্টটিমের যৌথ টহল চলাকালীন সিঙারটেক এলাকায় ডাকাতের উপস্থিতি টের পাওয়া যায়। বনকর্মীরা অভিযান শুরু করলে দস্যুরা গুলি ছোঁড়ে, জবাবে বনরক্ষীরাও ৭ রাউন্ড পাল্টা গুলি চালায়। একপর্যায়ে দস্যুরা তাদের ট্রলার ও জিম্মিদের ফেলে বনের গহীনে পালিয়ে যায়।

উদ্ধারকৃত জেলেরা বর্তমানে শেলারচর টহল ফাঁড়ির হেফাজতে রয়েছেন এবং তাঁদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বনরক্ষীদের ওপর আক্রমণকারী এই দস্যুরা ‘শরীফ বাহিনী’র সদস্য বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

এ.আই.এল/সকালবেলা