৫ গ্রামের মানুষের চলাচলের ভরসা বাঁশের পুল

প্রকাশ: রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:৩২ অপরাহ্ণ
৫ গ্রামের মানুষের চলাচলের ভরসা বাঁশের পুল

মোস্তাফিজুর রহমান, কয়রা (খুলনা): নির্মাণের মাত্র কয়েক বছরের মাথায় খসে পড়তে শুরু করেছিল পলেস্তারা, বেরিয়ে এসেছিল নিম্নমানের নির্মাণ সামগ্রীর কঙ্কালসার রূপ। অবশেষে ২০২০ সালের তীব্র জোয়ার ও দীর্ঘদিনের অবহেলায় একেবারে ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায় খুলনার কয়রা উপজেলার ওড়াতলা খালের ওপরের গুরুত্বপূর্ণ ব্রিজটি। গত ছয় বছর ধরে সেখানে কোনো নতুন সেতু বা কালভার্ট নির্মিত হয়নি। ফলে বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে খালের ওপর তৈরি করেছেন একটি নড়বড়ে বাঁশের পুল (সাঁকো)। বর্তমানে এই অঞ্চলের অন্তত ৫টি গ্রামের হাজার হাজার মানুষ এবং শত শত শিক্ষার্থী প্রতিদিন চরম জীবনঝুঁকি নিয়ে এই বাঁশের পুল দিয়েই পারাপার হচ্ছেন।

খুলনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনস্থ ১৩-১৪/১ নম্বর পোল্ডারের আওতাধীন ২নং কয়রা ওড়াতলা খালের ওপর এই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল ১৯৯৬ সালে। স্থানীয়দের অভিযোগ, নির্মাণের সময় ব্যাপক অনিয়ম ও অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় চালুর পর থেকেই ব্রিজটিতে ফাটল দেখা দেয়। ২০২০ সালে এসে ব্রিজটি সম্পূর্ণ ধসে পড়ে যাতায়াতের অনুপযোগী হয়ে যায়। সেই থেকে আজ পর্যন্ত এই জনপদের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।

শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, ওড়াতলা খালের দুই পাড়কে সংযুক্ত করেছে একটি নড়বড়ে বাঁশের সাঁকো। এই রুটটি দিয়ে প্রতিনিয়ত ২নং কয়রা, ওড়াতলা, গোবরা, হরিণখোলা এবং পূর্বচকসহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের ৫ থেকে ৭ হাজার মানুষ উপজেলা সদরে যাতায়াত করেন। ব্রিজটি না থাকায় এই এলাকার গ্রামীণ অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। ভ্যান, ইজিবাইক বা কোনো পণ্যবাহী যানবাহন চলাচল করতে না পারায় কৃষিপণ্য ও মৎস্য ঘেরের মাছ বাজারজাতকরণে দ্বিগুণ খরচ ও ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা। প্রতিনিয়ত বাঁশের পুল থেকে পা পিছলে খালে পড়ে বই-খাতা ভিজিয়ে বাড়ি ফেরার ঘটনা এখানে নিত্যদিনের চিত্র।

স্থানীয় বাসিন্দা আল আমিন ক্ষোভ প্রকাশ করে বলেন, "১৯৯৬ সালে যখন ব্রিজটা করা হয়, তখনই কাজের মান নিয়ে আমরা কথা বলেছিলাম। নিম্নমানের সামগ্রী দিয়ে ব্রিজটা করার কারণেই আজ আমাদের এই শাস্তি ভোগ করতে হচ্ছে। ২০২০ সাল থেকে ব্রিজটা একবারে ভেঙে পড়ে আছে। আমরা নিজেরা টাকা তুলে এই বাঁশের পুল বানিয়েছি। কিন্তু রাত-বিরাতে কোনো প্রসূতি মা বা বয়স্ক রোগীকে হাসপাতালে নিতে গেলে আমাদের জান বের হয়ে যায়।"

কয়রা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মাসুম বিল্লাহ বলেন, “ওড়াতলা খালের এই ব্রিজটি ভেঙে যাওয়ায় আমার ওয়ার্ডের মানুষের কষ্টের কোনো সীমা নেই। বিশেষ করে স্কুল-কলেজের ছেলে-মেয়েরা প্রতিদিন জীবন হাতে নিয়ে এই বাঁশের সাঁকো পার হয়। আমি ইউনিয়ন পরিষদের সমন্বয় সভায় একাধিকবার বিষয়টি তুলেছি।”

কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান বলেন, ওড়াতলা খালের এই ভাঙা ব্রিজটির কারণে কয়েকটি গ্রামের মানুষ উপজেলা সদর থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে আছে। আমরা উপজেলা প্রশাসন ও এলজিইডি (LGED) কর্তৃপক্ষকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছি যাতে দ্রুত কোনো প্রকল্পের মাধ্যমে এটি বাস্তবায়ন করা হয়।

এ বিষয়ে কয়রা উপজেলা প্রকৌশলী (LGED) ইঞ্জিনিয়ার আফজাল হোসেন জানান, ২নং কয়রা ওড়াতলা খালের ওপরের ব্রিজটি অনেক আগে নির্মিত হয়েছিল এবং এটি বর্তমানে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। আমরা ইতিমধ্যে ওই এলাকায় নতুন একটি গার্ডার ব্রিজ বা ধারণক্ষমতাসম্পন্ন টেকসই কালভার্ট নির্মাণের জন্য তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুমোদনের জন্য পাঠিয়েছি। ফান্ড বা প্রকল্প পাস হয়ে এলেই অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু করা হবে।

বর্ষা মৌসুমের আর মাত্র কিছুদিন বাকি। উপকূলীয় এই অঞ্চলে জোয়ারের পানি বৃদ্ধি পেলে স্থানীয়দের এই শেষ ভরসা ‘বাঁশের পুল’টিও তলিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন এলাকাবাসী। আর কোনো বড় দুর্ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ওড়াতলা খালের ওপর একটি টেকসই সেতু নির্মাণে কার্যকর পদক্ষেপ নেবে—এমনটাই প্রত্যাশা কয়রাবাসীর।

এআইএল/সকালবেলা