কিশোরগঞ্জে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

প্রকাশ: শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ণ
কিশোরগঞ্জে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ রোধে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জে এক বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

আজ শনিবার (৬ জুন) সকালে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। "নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত র‍্যালিতে ব্যানার হাতে কিশোরগঞ্জ জেলা প্রশাসক সোহানা নাসরিন, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সর্বস্তরের সাধারণ জনগণ অংশ নেন। র‍্যালিতে অংশগ্রহণকারীরা "আতঙ্ক নয়, সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের উপায়", "রাখিব চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন" ইত্যাদি সচেতনতামূলক স্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

র‍্যালি শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, "শুধু সরকারি উদ্যোগ নয়, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়তে হলে প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে এবং নিজের চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে।"

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং জেলা স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় এই সচেতনতামূলক কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।