সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতির গরু সুপার শপে বিক্রি

প্রকাশ: শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ণ
সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতির গরু সুপার শপে বিক্রি

জুয়েল রানা, চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কে সংঘটিত একটি গরুবাহী ট্রাক ডাকাতির ঘটনায় প্রায় এক বছর পর চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে সলঙ্গা থানা পুলিশ। তদন্তে জানা গেছে, ডাকাতি হওয়া গরুগুলো রাজধানীর একটি চক্রের কাছে বিক্রি করা হতো এবং পরে সেগুলোর মাংস বিভিন্ন অভিজাত সুপার শপে সরবরাহ করা হতো।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ১৭ এপ্রিল কোরবানির ঈদের আগে চট্টগ্রামের বাসিন্দা আমানুল্লাহ উত্তরবঙ্গ থেকে ১৪টি ষাঁড় গরু কিনে পিকআপযোগে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। গভীর রাতে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানা এলাকায় পৌঁছালে এক দুর্ধর্ষ ডাকাতদল নিজেদের পিকআপ দিয়ে গরুবাহী গাড়িটির গতিরোধ করে। এ সময় ডাকাতেরা ট্রাকের চালক, হেলপার ও গরুর রাখালকে জোরপূর্বক হাত-পা বেঁধে নিজেদের গাড়িতে তুলে নেয় এবং ১৪টি গরুসহ পিকআপটি ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পর সলঙ্গা থানায় মামলা দায়ের হলেও দীর্ঘদিন কোনো অগ্রগতি ছিল না।

সম্প্রতি সলঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় এ ঘটনায় জড়িত মানিকগঞ্জের কুখ্যাত ডাকাত সদস্য হাসান ওরফে রিপনকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে হাসান ডাকাতির সঙ্গে জড়িত ১২ সদস্যের একটি সংঘবদ্ধ চক্রের নাম-পরিচয় প্রকাশ করে। তদন্তে জানা যায়, ডাকাতি শেষে গরুগুলো আশুলিয়া থানার এনায়েতপুর এলাকায় অবস্থিত জিয়া নামের এক খামারির কাছে গোপনে বিক্রি করা হয়েছিল। অভিযোগ রয়েছে, ওই খামারের মালিক জিয়া গরুগুলো জবাই করে মাংস রাজধানীর বিভিন্ন অভিজাত সুপার শপে সরবরাহ করত।

এই চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে খামার মালিক জিয়া ও তার সহযোগী আলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া গ্রেপ্তার হওয়া হাসান ওরফে রিপন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী জানান, এই চক্রের সাথে জড়িত এবং ডাকাতি হওয়া গরু কেনাবেচায় যুক্ত অন্যান্য পলাতক সদস্যদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এ.আই.এল/সকালবেলা