কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে সড়ক বন্ধ

প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ণ
কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে সড়ক বন্ধ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল সংযোগকারী লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে সড়কের ওপর বিশাল আকৃতির একটি গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটেছে। এতে কমলগঞ্জ-শ্রীমঙ্গল আঞ্চলিক সড়কে দীর্ঘ ৪ ঘণ্টা সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা গাছটি কেটে সরিয়ে নিলে আজ মঙ্গলবার সকাল থেকে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (২৫ মে) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে ধেয়ে আসা কালবৈশাখী ঝড়ের তীব্রতায় লাউয়াছড়া জাতীয় উদ্যানসংলগ্ন কমলগঞ্জ-শ্রীমঙ্গল আঞ্চলিক সড়কে ওই বিশাল গাছটি উপড়ে পড়ে। গভীর রাতে গাছটি রাস্তার ওপর আড়াআড়িভাবে পড়ায় সড়কটিতে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় এবং সড়কের দুই পাশে বেশ কিছু নৈশকোচ ও পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন আটকে পড়ে চরম দুর্ভোগের সৃষ্টি হয়।

গাছ উপড়ে পড়ার খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি চৌকস দল দ্রুত উদ্ধার সরঞ্জামাদিসহ ঘটনাস্থলে পৌঁছায় এবং রাস্তা পরিষ্কারের কাজ শুরু করে। আজ মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ৭টার দিকে গাছটি কেটে খণ্ড খণ্ড করে সড়ক থেকে সম্পূর্ণ সরিয়ে নিতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এরপরই ওই সড়কে আটকে থাকা যানবাহনগুলো গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয় এবং যান চলাচল স্বাভাবিক অবস্থায় ফেরে।

কমলগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফয়েজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঝড়ের তীব্রতা বেশি থাকায় গাছটি উপড়ে সরাসরি মূল সড়কে গিয়ে পড়েছিল। খবর পাওয়ার পরপরই আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং কয়েক ঘণ্টার চেষ্টায় গাছটি কেটে রাস্তা সচল করেন।”

এদিকে স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাতায়াতকারী চালকেরা জানান, লাউয়াছড়া জাতীয় উদ্যান দেশের অন্যতম প্রধান ও জনপ্রিয় পর্যটনকেন্দ্র হওয়ায় এই সড়কে সার্বক্ষণিক পর্যটক ও স্থানীয় মানুষের যাতায়াত থাকে। প্রতি বছর বর্ষা ও কালবৈশাখী মৌসুম শুরু হলেই বনের ভেতরের পুরনো ও বিশাল আকৃতির গাছগুলো উপড়ে পড়ে প্রায়ই এমন মারাত্মক যোগাযোগ বিপর্যয় ঘটে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা এড়াতে বনের ভেতরের ঝুঁকিপূর্ণ ও মৃতপ্রায় গাছগুলো আগে থেকেই চিহ্নিত করে বন বিভাগকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন তাঁরা।

এআইএল/সকালবেলা