ভারতে মুসলিম নিধনের প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ
সামজাদ জসি, স্টাফ রিপোর্টার: ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে মুসলিম নিধন এবং বর্বরোচিত সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া।
বুধবার (১৩ মে) সকালে হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে শহরে এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকেই ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হেফাজত নেতা-কর্মী ও সাধারণ তৌহিদী জনতা জড়ো হতে থাকেন। ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে তাঁরা ভারতের বিভিন্ন রাজ্যে মুসলমানদের ওপর চলমান নির্যাতনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও স্লোগান দেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, "ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে পরিকল্পিতভাবে মুসলমানদের ওপর যে বর্বরোচিত হামলা ও সাম্প্রদায়িক সহিংসতা চালানো হচ্ছে, তা কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না। বিশ্ব মুসলিম এই বর্বরতা চুপচাপ দেখবে না। অবিলম্বে এই নির্যাতন বন্ধ করতে হবে।"
জেলা হেফাজতের সেক্রেটারি মাওলানা আলী আজম কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরিশেষে বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর ঐক্য কামনায় মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিক্ষোভটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
এ.আই.এল/সকালবেলা