ভাঙ্গায় বাস চাপায় বাবা-ছেলে নিহত

প্রকাশ: শনিবার, ১৬ মে ২০২৬, ০২:১০ অপরাহ্ণ
ভাঙ্গায় বাস চাপায় বাবা-ছেলে নিহত

আহমেদ লিওন, ভাঙ্গা প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বগাইল টোলপ্লাজার সামনে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল ট্রাক মেরামতের সময় অজ্ঞাত একটি বাসের চাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। 

শনিবার (১৬ মে) ভোর ৪টার দিকে বগাইল ও বামনকান্দা এলাকার মাঝামাঝি স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকার ইউসুফ আলী (৫০) ও তাঁর ছেলে ইয়াকুব আলী (২৬)। ইয়াকুব মালবাহী ট্রাকটির চালক ছিলেন এবং তাঁর বাবা ইউসুফ আলী হেলপার হিসেবে ছেলের সঙ্গে কাজ করতেন। পুলিশ জানায়, ঢাকা থেকে যশোরগামী মালবাহী ট্রাকটি ভোররাতে বগাইল টোলপ্লাজা এলাকায় পৌঁছালে পেছনের একটি চাকা পাংচার হয়ে যায়। পরে সড়কের পাশে গাড়িটি থামিয়ে বাবা-ছেলে মিলে চাকা মেরামতের কাজ করার সময় পেছন থেকে একটি দ্রুতগতির অজ্ঞাত বাস তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনাস্থলটি শিবচর হাইওয়ে থানার অধীনে হওয়ায় বিষয়টি তারা তদন্ত করছে। শিবচর হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ঘাতক বাসটিকে শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ.আই.এল/সকালবেলা