পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানির বিপদসীমা স্পর্শের ঝুঁকি
অনলাইন ডেস্ক: পার্বত্য চট্টগ্রাম ও ক্যাচমেন্ট এলাকায় টানা ভারি বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এতে করে জলবিদ্যুৎ কেন্দ্র ও কাপ্তাই বাঁধের ওপর পানির তীব্র চাপের সৃষ্টি হয়েছে। সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং বাঁধের নিরাপত্তা নিশ্চিতে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি গেট খুলে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসানের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সতর্কতামূলক পদক্ষেপ ও সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি জানানো হয়।
জরুরি বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ১৬ জুলাই রাত ৭টা পর্যন্ত হিসাব অনুযায়ী কাপ্তাই লেকের পানির মোট উচ্চতা রেকর্ড করা হয়েছে ১০৩.৯১ ফুট (এমএসএল)। যেখানে কাপ্তাই বাঁধের সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা হচ্ছে ১০৯ ফুট (এমএসএল)।
ক্যাচমেন্ট এরিয়া বা সংলগ্ন পাহাড়ি অঞ্চলে ক্রমাগত বৃষ্টিপাত অব্যাহত থাকায় লেকের পানির স্তর দ্রুত বিপদসীমার দিকে ধাবিত হচ্ছে। এ অবস্থায় উজান ও ভাটির বিস্তীর্ণ এলাকার দীর্ঘমেয়াদি পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং আকস্মিক বন্যা এড়াতে আগামী শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় যেকোনো সময়ে স্পিলওয়ের ১৬টি গেট পর্যায়ক্রমে ৬ ইঞ্চি পরিমাণ উঁচিয়ে পানি নিষ্কাশন প্রক্রিয়া শুরু করা হতে পারে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ৬ ইঞ্চি করে ১৬টি গেট খোলা হলে প্রথম দফায় প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি হ্রদ থেকে বের হয়ে কর্ণফুলী নদীতে গিয়ে মিশবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, কাপ্তাই হ্রদের বর্তমান পানির সমতল, উজানের পানির প্রবাহ (ইনফ্লো) এবং স্থানীয় বৃষ্টিপাতের গতিপ্রকৃতি সার্বক্ষণিকভাবে নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে। বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের তীব্রতা কমে বা বেড়ে যাওয়ার ওপর নির্ভর করে স্পিলওয়ে খোলার নির্দিষ্ট সময় এগিয়ে কিংবা পিছিয়ে নেওয়া হতে পারে। তবে যদি ঢলের গতি বা ইনফ্লো আরও বেশি হয়, তবে স্পিলওয়ের গেট খোলার পরিমাণও পর্যায়ক্রমে বাড়িয়ে দেওয়া হবে।
হ্রদ সংলগ্ন ও নিম্নানঞ্চলের বাসিন্দাদের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।