তুচ্ছ ঘটনায় চাচাতো ভাইকে গলা কেটে হত্যার চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

তুচ্ছ ঘটনায় চাচাতো ভাইকে গলা কেটে হত্যার চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

ইমাম হোসেন, নিজস্ব প্রতিবেদক লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় রাস্তার ওপর মাটি দেওয়াকে কেন্দ্র করে আপন চাচাতো ভাইকে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মইন উদ্দিন সুমনকে (৪০) তাৎক্ষণিক অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম দুলাল (৩৪)। তিনি চরজাঙ্গালিয়া এলাকার বাসিন্দা এবং পেশায় একজন কাঠমিস্ত্রি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুলালের বাড়ির দরজার সামনে রাস্তার ওপর কিছু মাটি রাখা নিয়ে চাচাতো ভাই মইন উদ্দিন সুমনের সাথে তাঁর কথা কাটাকাটি হয়। তর্কের একপর্যায়ে সুমন ক্ষিপ্ত হয়ে ঘর থেকে ধারালো ছুরি এনে দুলালের গলার ডান পাশে আঘাত করে জবাই করার চেষ্টা করেন।

রক্তাক্ত অবস্থায় দুলালকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

গ্রেপ্তারকৃত মইন উদ্দিন সুমন ওই এলাকার হাফিজ উল্লাহ বেপারী বাড়ির আলী আজ্জমের ছেলে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ ঘটনায় মামলাসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন