শাহপরীর দ্বীপের দৃষ্টিনন্দন সড়ক এখন দুর্ঘটনার ‘মৃত্যুকূপ’

শাহপরীর দ্বীপের দৃষ্টিনন্দন সড়ক এখন দুর্ঘটনার ‘মৃত্যুকূপ’

জিয়াবুল হক, টেকনাফ: কক্সবাজারের টেকনাফে পর্যটন সম্ভাবনাময় শাহপরীর দ্বীপের নবনির্মিত দৃষ্টিনন্দন সড়কটি এখন সাধারণ মানুষ ও পর্যটকদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। লবণবাহী গাড়ি থেকে চুইয়ে পড়া পানি এবং অবৈধভাবে মাটি ও বালি পরিবহনের ফলে সড়কটি মারাত্মক পিচ্ছিল হয়ে পড়েছে। 

এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র সড়কের দুই পাশের খাস ও ব্যক্তিমালিকানাধীন জমি থেকে অবৈধভাবে মাটি তুলে ডাম্পারে করে পরিবহন করছে। ঝরে পড়া এই কাঁচা মাটি লবণের পানি ও কুয়াশার সংস্পর্শে এসে রাস্তায় পিচ্ছিল স্তর তৈরি করছে, যা দুর্ঘটনার প্রধান কারণ।

এক দশক পর নির্মিত এই সড়কটি দ্বীপের অর্ধলক্ষাধিক মানুষের যাতায়াতে স্বস্তি আনলেও বর্তমানে তা নতুন বিপদে পরিণত হয়েছে। বিশেষ করে বাইরের জেলা থেকে আসা পর্যটকবাহী গাড়িগুলো সড়কের অবস্থা না জেনে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। লবণের ট্রাকে ত্রিপল ব্যবহারের নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। 

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম জানান, অভিযোগটি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে সড়কে মাটি পড়া বন্ধ এবং লবণবাহী গাড়ির পানি নিঃসরণ রোধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।

মন্তব্য করুন