নোয়াখালীতে জেলি মিশ্রিত চিংড়ি জব্দ

প্রকাশ: রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ণ
নোয়াখালীতে জেলি মিশ্রিত চিংড়ি জব্দ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর জেলা শহর মাইজদী পৌর বাজারে অভিযান চালিয়ে ওয়ানইন্ডিয়া বিষাক্ত জেলি মিশ্রিত ১৪২ কেজি চিংড়ি মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভোক্তা অধিকার ক্ষুণ্ণ ও ওজনে কারচুপির অপরাধে দুই মাছ ব্যবসায়ীকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ রোববার (৭ জুন) দুপুরে পরিচালিত এই বিশেষ অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলা শহর মাইজদীর প্রধান পৌর বাজারে বেশ কয়েকজন অসাধু ব্যবসায়ী চিংড়ি মাছে ক্ষতিকর জেলি পুশ করে কৃত্রিমভাবে ওজন বাড়িয়ে সাধারণ ক্রেতাদের ঠকিয়ে আসছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে মাছ বাজারে আকস্মিক অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে বাজারটির মৎস্য ব্যবসায়ী মো. ইসমাইল ও বাহারের দোকানে থাকা চিংড়ি মাছে বিষাক্ত জেলির অস্তিত্ব হাতেনাতে শনাক্ত করা হয়। পরে তাঁদের কাছ থেকে ১৪২ কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। একই সঙ্গে জনস্বার্থবিরোধী ও প্রতারণামূলক কর্মকাণ্ডের দায়ে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর বলেন, "জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ যেকোনো খাদ্য ভেজাল ও ওজনে প্রতারণার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের অধিকার রক্ষায় এ ধরনের বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।"

আজকের এই অভিযানে আরও সহযোগিতা করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানস মণ্ডল, পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক আবদুল করিম মুক্তা এবং জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।

এআইএল/সকালবেলা