ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নাজমুল হক চৌধুরী, নিজস্ব প্রতিবেদক (নরসিংদী): নরসিংদীতে প্রেম ঘটিত বিরোধের জেরে সাজ্জাদ হোসেন (২২) নামে এক তরুণকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এই ঘটনার জেরে দুই পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ এবং প্রেমিকার বাড়িসহ তার স্বজনদের চারটি বাড়িতে অগ্নিসংযোগ করেছে আহতের ক্ষুব্ধ স্বজনরা।
রোববার (২৬ এপ্রিল) রাতে মাধবদী থানার খনমুর্দ্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাজ্জাদ হোসেন খনমুর্দ্দি মহল্লার মাহতাব মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সাজ্জাদের সঙ্গে একই এলাকার ফারজানা আক্তারের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল, যা তরুণীর পরিবার মেনে নেয়নি। রোববার ওই সম্পর্কের জেরে ফারজানার ভাই ও চাচাসহ কয়েকজন মিলে সাজ্জাদকে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাজ্জাদকে কুপিয়ে জখমের খবর ছড়িয়ে পড়লে তার পরিবারের লোকজন ও সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা ফারজানার বাড়িসহ তার চাচা ও ফুফুর মোট চারটি বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে ঘরগুলোর আসবাবপত্র ও মূল্যবান সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায়।
মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গেলেও স্থানীয় কিছু মানুষের বাধার কারণে সময়মতো আগুন নেভানোর কাজ শুরু করতে পারেননি। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ