দোয়ারাবাজারে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

প্রকাশ: রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:০৯ অপরাহ্ণ
দোয়ারাবাজারে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

এনামুল কবির মুন্না, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক বিশেষ পুলিশি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা নামী ব্র্যান্ডের কসমেটিকস পণ্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এই চোরাচালানের মালামালের আনুমানিক বর্তমান বাজারমূল্য প্রায় ১১ লক্ষ ৩৭ হাজার টাকা।

গতকাল শনিবার (৪ জুলাই) বিকেল ৫টার দিকে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামে এই সফল অভিযানটি পরিচালিত হয়।

দোয়ারাবাজার থানা পুলিশ সূত্রে জানা যায়, সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে আনা মাদকের একটি বড় চালান কুশিউড়া গ্রামে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার এসআই তানজির আহমেদের নেতৃত্বে এএসআই আশরাফ খাঁনসহ পুলিশের একটি চৌকস টিম ওই গ্রামের নুর উদ্দিনের ছেলে মো: সোহাগের (২৩) বসতঘরে আকস্মিক অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘরের মালিক চিহ্নিত চোরাকারবারি সোহাগ কৌশলে পেছনের দরজা দিয়ে দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

পরবর্তীতে পুলিশ ঘরের ভেতর তল্লাশি চালিয়ে অভিনব উপায়ে লুকিয়ে রাখা ১৮০ বোতল কর্কযুক্ত ভারতীয় ফেনসিডিল এবং ১২০ বোতল নামী ব্র্যান্ডের (রয়্যাল গ্রিন ও রয়্যাল স্ট্যাগ) ভারতীয় মদ জব্দ করে। এ ছাড়া একই ঘর থেকে চোরাই পথে আনা চোরাচালানের ২ হাজার ১০০ পিস পন্ডস ফেসওয়াশ এবং ৪০০ পিস পন্ডস ট্যালকম পাউডার উদ্ধার করে জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, উদ্ধারকৃত মাদক ও কসমেটিকস সামগ্রীর মোট বাজার মূল্য ১১ লক্ষ ৩৭ হাজার টাকা। এই চোরাচালানের ঘটনায় ঘর মালিক ও পলাতক আসামি মো: সোহাগের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদক ব্যবসায়ী সোহাগকে গ্রেপ্তারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

এআইএল/সকালবেলা