কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও পণ্য জব্দ, আটক ১

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ণ
কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও পণ্য জব্দ, আটক ১

বিশেষ প্রতিনিধি: কুষ্টিয়ার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫১ লাখ ৪৫ হাজার ১৯০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়।

বিজিবি সূত্র জানায়, বুধবার রাতে দৌলতপুর উপজেলার চরচিলমারী বিওপির অধীনস্থ আতারপাড়া এলাকায় অভিযান চালিয়ে মঞ্জু মাতবর (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে আনুমানিক ১৬ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৬০০টি সিপ্রোহেপ্টাডিন ও ৯০০টি ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই রাতে পশ্চিম ধর্মদাহ মাঠ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৫ বোতল মদ, ৪ হাজার ডেক্সামেথাসন, ৯১০টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও ৫৮ প্যাকেট পাতার বিড়ি জব্দ করে বিজিবি, যার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৮৩ হাজার ৬৯০ টাকা।

এ ছাড়া মঙ্গলবার দুপুরে মথুরাপুর মাঠে অভিযান চালিয়ে ৬ বোতল মদ ও ৩ হাজার ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে বুধবার ভোরে বিলগাথুয়া, আশ্রায়ন ও ঠোটারপাড়া বিওপির আওতাধীন পাকুরিয়া মাঠসহ বিভিন্ন সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয়। এসব স্থান থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ, ডেক্সামেথাসন, সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং নিষিদ্ধ বিভিন্ন ব্যথানাশক ও কাশির সিরাপ উদ্ধার করেন বিজিবি সদস্যরা।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে যেকোনো ধরনের মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও ঝটিকা অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন