গাজীপুরে আবাসিক হোটেলে দেহ ব্যবসা, ক্ষুব্ধ এলাকাবাসী
রেজাউল করিম মজুমদার, গাজীপুর: গাজীপুর মহানগরের বাসন থানাধীন ভোগড়া বাইপাস সংলগ্ন বর্ষা সিনেমা হলের পাশে একটি নামহীন আবাসিক হোটেলে বাণিজ্যিক মার্কেটের আড়ালে রমরমা অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, বাইরে থেকে ভবনটিকে সাধারণ বাণিজ্যিক মার্কেট মনে হলেও ভেতরে সাইনবোর্ড ও বৈধ কাগজপত্রহীন হোটেল বানিয়ে অবৈধ ব্যবসা চালানো হচ্ছে। বহিরাগত নারী-পুরুষের অবাধ আনাগোনার কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে এবং সাধারণ মানুষ চরম অস্বস্তি ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অনুসন্ধানে জানা যায়, ভবনটির মালিকানা ও পরিচালনায় একাধিকবার পরিবর্তন এলেও বর্তমানে ম্যানেজার ফারুকের নেতৃত্বে একটি প্রভাবশালী সিন্ডিকেট এটি পরিচালনা করছে। হোটেলের এক কর্মচারী জানান, ভবনটিতে পুলিশি অভিযানের সময় পালানোর জন্য গোপন সিঁড়ি, বিকল্প পথ ও জানালার গ্রিল কাটা বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ জানান, বিষয়টির ওপর পুলিশের নজরদারি রয়েছে। পূর্বেও সেখানে অভিযান চালিয়ে মানবপাচার আইনে মামলা করা হয়েছে। তারা গোপনে এটি চালিয়ে থাকলে দ্রুতই আবারও অভিযান পরিচালনা করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এআইএল/সকালবেলা