গৌরনদীতে বাসের ধাক্কায় আইসক্রিম বিক্রেতার মৃত্যু

প্রকাশ: শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ণ
গৌরনদীতে বাসের ধাক্কায় আইসক্রিম বিক্রেতার মৃত্যু

সাঈদ পান্থ, বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে যাত্রীবাহী হানিফ পরিবহনের বাসের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবু লাল বিশ্বাস (৪০) নামে এক আইসক্রিম বিক্রেতা নিহত হয়েছেন।

আজ শনিবার (১৩ জুন) সকাল পৌনে দশটায় মহাসড়কের আশোকাঠী শারমিন ক্লিনিকের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত বাবু লাল উজিরপুর উপজেলার জামবাড়ি এলাকার সুকান্ত বিশ্বাসের ছেলে। তিনি ভ্যান চালিয়ে গৌরনদী এলাকায় আইসক্রিম বিক্রি করতেন।

গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাবু লাল বিশ্বাস উজিরপুর থেকে ভ্যান নিয়ে গৌরনদীতে আইসক্রিম বিক্রি করতে আসছিলেন। আশোকাঠী শারমিন ক্লিনিকের সামনে মহাসড়ক পারাপারের সময় বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি দ্রুতগতির বাস তাঁর ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মুখোমুখি সংঘর্ষে ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং চালক বাবু লাল মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন বলেন, “খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত হানিফ পরিবহনের বাস ও ভ্যানটি জব্দ করেছে। তবে বাসের চালক ও হেলপার ঘটনার পর পরই পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।”

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এই ঘটনায় ঘাতক বাস চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন