রাশিয়ায় যুবক পাচার: জামায়াত নেতাদের বিরুদ্ধে মামলা
উপজেলা প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট): লালমনিরহাটের পাটগ্রামে উচ্চ বেতনে গার্মেন্টসে চাকরির প্রলোভন দিয়ে চার বাংলাদেশি যুবককে রাশিয়ার সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেওয়ার এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। জামায়াতে ইসলামীর সহযোগী যুব সংগঠনের দুই নেতা ও পৌর আমিরের বিরুদ্ধে এই সুনির্দিষ্ট অভিযোগ এনে ভুক্তভোগী পরিবারগুলো পাটগ্রাম থানায় মানব পাচার আইনে পৃথক ৪টি মামলা দায়ের করেছে। এই ঘটনার পর থেকে পুরো সীমান্ত এলাকায় তীব্র ক্ষোভ ও নিখোঁজ যুবকদের পরিবারে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, লালমনিরহাট জেলা শিবিরের সাবেক সভাপতি ও উপজেলা যুব বিভাগের বহিষ্কৃত সভাপতি ইউনুস আলী, পৌর যুব বিভাগের সাধারণ সম্পাদক মাহিন ইসলাম এবং পৌর জামায়াতের সভাপতি সোহেল রানা ইসলাম— এই তিন চক্র মিলে নিরাপদ ও বৈধ উপায়ে রাশিয়ার গার্মেন্টসে চাকরি দেওয়ার কথা বলে জনপ্রতি সাড়ে ৯ লাখ টাকা হাতিয়ে নেন। তারা পরিবারগুলোকে আশ্বস্ত করেছিলেন যে, ঢাকার উত্তরার ‘আরএস ইন্টারন্যাশনাল’ (আরএল-১৪২৮) এজেন্সির মাধ্যমে এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা হচ্ছে।
টাকা পরিশোধের পর গত ৪ মে পাটগ্রাম সদর ইউনিয়নের টেপুরগাড়ী এলাকার নাজমুল হক সৌরভ (২১), মেহেদী হাসান (২১), সর্দারপাড়া এলাকার আল আমিন (২০) এবং আব্দুল্লাহ আল মামুনকে (২২) বাড়ি থেকে ঢাকায় নেওয়া হয়। এরপর ৭ মে তারা রাশিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে বাহরাইনে ১২ ঘণ্টার ট্রানজিট শেষে ৮ মে মস্কো পৌঁছান। মস্কো পৌঁছানোর পর যুবকেরা ভিডিও কলে পরিবারের সাথে স্বাভাবিক কথাও বলেন। কিন্তু এর কিছুক্ষণ পরই রুশ সেনাবাহিনীর সদস্যরা তাদের একটি অজ্ঞাত স্থানে নিয়ে পাসপোর্ট, ভিসা ও মোবাইল ফোন কেড়ে নেয়। তখনই যুবকেরা বুঝতে পারেন, চাকরির পরিবর্তে তাদের রুশ সেনাবাহিনীর কাছে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য বিক্রি করে দেওয়া হয়েছে।
নিখোঁজ যুবকদের অভিভাবকেরা জানান, পরবর্তীতে এক পণ্য সরবরাহকারীর (ডেলিভারিম্যান) মোবাইল ফোন ব্যবহার করে যুবকেরা অত্যন্ত গোপনে কান্নাজড়িত কণ্ঠে বাড়িতে ফোন করে নিজেদের জীবন চরম ঝুঁকিতে থাকার কথা জানান। এরপর থেকে বিভিন্ন সময় ক্ষুদে বার্তায় (এসএমএস) তারা পরিবারকে দ্রুত উদ্ধার করার আকুতি জানিয়ে আসছেন। বর্তমানে তাদের সাথে সব ধরনের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে।
এদিকে গত ২১ মে ভুক্তভোগী পরিবারগুলো ঢাকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করে তাদের সন্তানদের অক্ষত অবস্থায় দেশে ফিরিয়ে আনার জন্য স্মারকলিপি প্রদান করেন।
দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া যুব নেতা ইউনুস আলী অর্থ নেওয়ার কথা স্বীকার করে বলেন, “টাকা নিয়ে আমি মাহিনকে দিয়েছি এবং মাহিন তা এজেন্সিকে দিয়েছে। তারা বৈধ কাগজেই গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে প্রতারণার শিকার হয়েছে। দুদেশের দূতাবাসে কথা বলে তাদের নিরাপদে আনার চেষ্টা চলছে।” তবে অপর অভিযুক্ত মাহিন ইসলাম এই দাবি সম্পূর্ণ অস্বীকার করে পুরো দায় ইউনুসের ওপর চাপিয়েছেন। অন্যদিকে পৌর জামায়াতের আমির সোহেল রানা পূর্বের একটি হত্যা মামলায় বর্তমানে জেলহাজতে থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
পাটগ্রাম উপজেলা জামায়াতের আমির হাফেজ শোয়াইব আহমেদ বলেন, “এই ন্যাক্কারজনক ঘটনার সাথে সংগঠনের কোনো সম্পর্ক নেই, এটি তাদের ব্যক্তিগত অপরাধ। সংগঠন বিষয়টি জানার পরই অভিযুক্ত ইউনুস ও মাহিনকে দলীয় পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দিয়েছে।”
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, “রাশিয়ার সেনাবাহিনীর কাছে চার যুবককে পাচার ও বিক্রির অভিযোগে থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে ৪টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলায় ইউনুস, মাহিন ও রানাসহ এজেন্সির লোকজনকে আসামি করা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ টিম কাজ করছে।”
এআইএল/সকালবেলা