শ্রীমঙ্গলে বাস স্টপেজের দাবিতে মানববন্ধন
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাসের শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল চৌমুহনায় ‘হবিগঞ্জ ঐক্য উন্নয়ন সংস্থা’র উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শ্রীমঙ্গল একটি গুরুত্বপূর্ণ পর্যটন ও ব্যবসায়িক কেন্দ্র। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ শিক্ষা, চিকিৎসা ও ব্যবসার প্রয়োজনে হবিগঞ্জ ও সিলেটে যাতায়াত করেন। কিন্তু বাসটির স্টপেজ না থাকায় সাধারণ যাত্রীসহ নারী, শিশু ও অসুস্থ রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সময় ও অর্থ সাশ্রয়ের লক্ষ্যে অনতিবিলম্বে এখানে স্টপেজ চালুর দাবি জানান তাঁরা।
সংগঠনটির সভাপতি নিহার রঞ্জন দেবনাথসহ স্থানীয় সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য দেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত এ দাবি মেনে না নেওয়া হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এআইএল/সকালবেলা
|