বাগেরহাটে বনফুল সমবায় সমিতির বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশ: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:২২ অপরাহ্ণ
বাগেরহাটে বনফুল সমবায় সমিতির বিরুদ্ধে মানববন্ধন

মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার ১ নম্বর কাড়াপাড়া ইউনিয়নের সাবেকডাঙ্গা গ্রামে পরিচালিত 'বনফুল সমবায় সমিতি' নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকদের কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এর প্রতিকার ও টাকা ফেরতের দাবিতে ক্ষুব্ধ গ্রাহকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

আজ শনিবার (১৮ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৪টায় বাগেরহাট পুরাতন রেলস্টেশন এলাকায় বনফুল সমবায় সমিতির সর্বস্তরের গ্রাহকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২০০ জন ভুক্তভোগী গ্রাহক অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক ফয়জুল করিম (যিনি ফয়জুল মনির নামে পরিচিত) বনফুল সমবায় সমিতির নামে এলাকার সাধারণ মানুষকে লোভনীয় মুনাফার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা সংগ্রহ করেন। বর্তমানে তিনি গ্রাহকদের আমানতের কোটি টাকা ফেরত না দিয়ে আত্মগোপনে রয়েছেন।

স্থানীয় ব্যবসায়ী নূর মোহাম্মদ হাওলাদার বলেন, "ফয়জুল করিম এই সমিতির প্রতিষ্ঠাতা। এখন পাওনা টাকা ফেরত চাইলে তিনি বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছেন। এমনকি আমাদের মুখ বন্ধ করতে মিথ্যা মামলাও করা হয়েছে।"

টাকা হারিয়ে নির্বাক হয়ে পড়া গ্রাহক শরিফা বেগম বলেন, "নিজের জায়গা-জমি বিক্রি করে কষ্টের ৯ লাখ টাকা এই সমিতিতে জমা দিয়েছিলাম। মোটা অঙ্কের লাভের আশ্বাস দিয়ে আমাদের টাকা নেওয়া হয়েছে। এখন আসল টাকাই ফেরত পাচ্ছি না।"

মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী গ্রাহকরা প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত সাপেক্ষে দায়ীদের আইনের আওতায় এনে তাদের কষ্টার্জিত অর্থ ফেরত দেওয়ার জোর দাবি জানান। এ বিষয়ে অভিযোগের সত্যতা জানতে অভিযুক্ত ফয়জুল করিমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এআইএল/সকালবেলা