ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোল্লা মো: আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি: নাটোর শহরের কান্দিভিটুয়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবুল কালাম আজাদ (৪৫) নামে এক রঙমিস্ত্রি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে কাউছার হোসেন গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (১৬ মার্চ) দিবাগত রাত ১টার দিকে শহরের কান্দিভিটুয়া কদমতলা এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ ওই এলাকারই বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে রাস্তায় মোটরসাইকেল রাখা নিয়ে আবুল কালাম আজাদের ছেলে কাউছারের সঙ্গে প্রতিপক্ষের রহিম ও তাঁর ছেলেদের বাগবিতণ্ডা হয়। সেই বিরোধের জেরে সোমবার গভীর রাতে রহিম ও তাঁর ছেলেরা দেশীয় অস্ত্র নিয়ে আজাদ ও কাউছারের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বাবা ও ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়।
পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আবুল কালাম আজাদের মৃত্যু হয়। গুরুতর আহত কাউছার হোসেন বর্তমানে রাজশাহীতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইখতে খায়ের আলম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ