রাজশাহীতে ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
অনলাইন ডেস্ক: রাজশাহী মহানগরীতে লোডশেডিংয়ের সময় ছাদে উঠে অসাবধানতাবশত নিচে পড়ে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার (২৮ জুন) দিবাগত রাতে নগরীর চণ্ডিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আখতারুজ্জামান (১৮) রাজশাহী মহানগরীর মসজিদ মিশন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি পবা উপজেলার স্থায়ী বাসিন্দা আসাদুজ্জামানের ছেলে। চণ্ডিপুর এলাকার একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে বাসায় দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় আখতারুজ্জামান গরমের কারণে ভবনের ছাদে উঠেছিলেন। ছাদের এক কোণায় বসে মোবাইল ফোনে কথা বলার সময় অসাবধানতাবশত তিনি দুই ভবনের মাঝখানের সংকীর্ণ ফাঁকা অংশে নিচে পড়ে যান। এতে তিনি শরীরে ও মাথায় গুরুতর আঘাত পান।
আহতাবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে পৌঁছানোর পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, নিহতের মরদেহ বর্তমানে রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
|