ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
শিবগঞ্জ প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশ্নোত্তরের দায়িত্ব পেয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। মঙ্গলবার (১৭ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নতুন দায়িত্ব প্রদানের কথা জানানো হয়। এর ফলে সংসদীয় কার্যক্রমে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দায়িত্বের পরিধি আরও বিস্তৃত হলো বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।
প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত যেকোনো প্রশ্ন, আলোচনা বা জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের জবাব দেবেন মীর শাহে আলম। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ব্যস্ততা বা অনুপস্থিতিকালীন সময়ে সংসদীয় কার্যধারা সচল রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য যে, মীর শাহে আলম বর্তমানে সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগের সংসদীয় দায়িত্ব অর্পণ করায় সরকারের প্রশাসনিক ও সংসদীয় কাজে তাঁর সক্ষমতার ওপর আস্থার প্রতিফলন ঘটেছে বলে মনে করা হচ্ছে।
মীর শাহে আলমের এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে তাঁর নির্বাচনী এলাকা শিবগঞ্জসহ রাজনৈতিক মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, আসন্ন সংসদীয় অধিবেশনগুলো থেকেই তিনি এই অতিরিক্ত দায়িত্ব পালন শুরু করবেন। সরকারের এই সিদ্ধান্তের ফলে সংসদীয় অধিবেশনে জননিরাপত্তা ও স্বরাষ্ট্র সংক্রান্ত বিষয়গুলোর দ্রুত ও কার্যকর জবাব নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ