শাশুড়ির সাথে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা
মো. শরীফ উদ্দিন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শাশুড়ির সঙ্গে পারিবারিক কলহের জেরে ইঁদুর মারার বিষ পান করে সুজিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এর আগে বুধবার (২৪ জুন) দিবাগত রাতে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত সুজিনা আক্তার উপজেলার ফান্দাউক ইউনিয়নের রসুলপুর গ্রামের মধ্যপাড়া এলাকার টাইলস মিস্ত্রি ছানাউল মিয়ার স্ত্রী। তিনি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার বাটশালা গ্রামের মন্নর আলীর মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে পারিবারিকভাবে সুজিনা আক্তারের সঙ্গে ছানাউল মিয়ার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
নিহতের স্বামী ছানাউল মিয়া জানান, বুধবার সন্ধ্যায় সন্তানদের দেখাশোনা ও বিভিন্ন বিষয় নিয়ে তাঁর মা আছিয়া বেগমের সঙ্গে সুজিনার প্রচণ্ড কথাকাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে শাশুড়ির ওপর অভিমান করে পরিবারের অলক্ষ্যে ঘরে থাকা ইঁদুর মারার বিষাক্ত কীটনাশক পান করেন সুজিনা।
পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাঁকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাঁর পাকস্থলী পরিষ্কার (স্টমাক ওয়াশ) করেন। তবে বিষের তীব্রতা শরীরে ছড়িয়ে পড়ায় সুজিনার অবস্থার আরও অবনতি হয় এবং চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছিল। গতকাল বিকেলে ময়নাতদন্ত শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবার বাড়ির পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এআইএল/সকালবেলা
|