গজারিয়ায় ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার
মোঃ দুলাল সরকার, গজারিয়া: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রামে স্বামীর বসতঘর থেকে ঝর্ণা আক্তার (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। গৃহবধূর এই রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয় জনমনে নানা প্রশ্ন ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (২ জুন) রাত আনুমানিক ৯টার দিকে তেতৈতলা গ্রামের সুজন দেওয়ানের বসতঘরে তাঁর স্ত্রী ঝর্ণা আক্তার ভিতর থেকে দরজা বন্ধ করে দেন। বাড়ির লোকজন দীর্ঘক্ষণ চেষ্টা করেও দরজা খুলতে ব্যর্থ হন। পরবর্তীতে ঝর্ণার বোন তাসলিমা ও দোলনকে খবর দিলে তাঁরাও এসে দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হন। শেষমেশ ড্রিল মেশিন দিয়ে লোহার দরজা কেটে ঝর্ণাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
স্বজনেরা তাঁকে প্রথমে জামালদী হামদর্দ বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাত ১২টা ৫০ মিনিটের দিকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঝর্ণাকে মৃত ঘোষণা করেন।
গজারিয়া থানা পুলিশ সূত্র নিশ্চিত করেছে, নিহত ঝর্ণা আক্তারের মরদেহ উদ্ধারের সময় তাঁর স্বামী সুজন দেওয়ানকে বাড়িতে বা ঘটনাস্থলে উপস্থিত পাওয়া যায়নি। দুই বছর পূর্বে সুজন দেওয়ানের সাথে ঝর্ণা আক্তারের বিবাহ হয়েছিল।
ঝর্ণার মৃত্যুর সুনির্দিষ্ট কোনো কারণ বা প্রমাণ এখনও মেলেনি। পুলিশ জানিয়েছে, নিহতের ময়নাতদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এআইএল/সকালবেলা