কচুয়ায় বসতঘর ভাঙচুর করে জমি দখলের অভিযোগ

প্রকাশ: রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:২৭ অপরাহ্ণ
কচুয়ায় বসতঘর ভাঙচুর করে জমি দখলের অভিযোগ

মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটের কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামে একটি বিরোধপূর্ণ বসতঘর ভাঙচুর করে জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 

গতকাল শনিবার (৬ জুন) দুপুরে এই ঘটনা ঘটে। হামলায় বাধা দিতে গিয়ে এক নারী আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লে কচুয়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, টেংরাখালী গ্রামের রাস্তার পাশের ৬ শতক পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে আফসার আলী ও হালিমা খানমের (সম্পর্কে চাচা-ভাতিজি) মধ্যে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিস-বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।

ভুক্তভোগীদের অভিযোগ, শনিবার দুপুরে আফসার আলীর ছেলে রাকিব শেখ ও রাজিব শেখের নেতৃত্বে প্রায় শতাধিক ব্যক্তি লাঠিসোঁটা ও ধারালো দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হালিমা খানমের বাড়িতে হামলা চালায়। এ সময় হালিমা খানমের মেয়ে সেলিনা বেগম (৪৫) বাধা দিতে গেলে তাকে পিটিয়ে আহত করা হয়। হামলাকারীরা মুহূর্তের মধ্যে বসতঘর ভেঙে গুঁড়িয়ে দেয় এবং জমিটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা স্থান ত্যাগ করে।

জমি হারানো হালিমা খানম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “এই জমিটি আমাদের পৈতৃক সম্পত্তি, যা আমার বাবা আমাকে লিখে দিয়েছেন। বিগত ৩০ বছর ধরে আমরা এখানে ঘর তুলে ভোগদখল করে আসছি। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে আমার চাচাতো ভাইয়েরা জোরপূর্বক জমিটি দখলের পাঁয়তারা করছিল। শনিবার তারা বহিরাগত সন্ত্রাসী নিয়ে এসে আমার মেয়ের ওপর হামলা চালায়, ঘর ভাঙচুর করে জমি দখল করে নেয়। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।”

অন্যদিকে সব অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি তুলে রাকিব শেখ বলেন, “এই জমিটি মূলত আমাদের। আমার চাচাতো বোনেরা এতদিন রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে জমিটি দখল করে রেখেছিল। সালিস-বৈঠক মানছিল না। আমরা শুধু আমাদের নিজেদের জমির দখল নিয়েছি। এখানে কোনো ভাঙচুর বা মারধরের ঘটনা ঘটেনি।”

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “জমি নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি ও উত্তেজনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয় পক্ষের দাবি ও নথিপত্র পর্যালোচনা করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এআইএল/সকালবেলা