বাবুগঞ্জে ঈদের সরকারি চাল বিতরণে স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ

বাবুগঞ্জে ঈদের সরকারি চাল বিতরণে স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ

সাঈদ পান্থ, বরিশাল: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে দুস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। তবে এই চাল বিতরণে প্রকৃত সুবিধাভোগীদের বাদ দিয়ে স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (১৬ মার্চ) সকাল ৯টা থেকে দেহেরগতি ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়, যা নিয়ে দিনভর এলাকায় উত্তেজনা ও অসন্তোষ বিরাজ করে।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, দেহেরগতি ইউনিয়নে প্রায় ৪ হাজার ৫৫০টি পরিবার থাকলেও সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র ১ হাজার ৫৫৪টি ভিজিএফ কার্ড। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। সরকারি নীতিমালা অনুযায়ী, এই চাল বিতরণে প্রতিবন্ধী, বিধবা, অসচ্ছল ও অতিদরিদ্র পরিবারগুলোর অগ্রাধিকার পাওয়ার কথা। কিন্তু স্থানীয়দের অভিযোগ, প্রকৃত অভাবীদের বাদ দিয়ে স্থানীয় প্রভাবশালী নেতা ও জনপ্রতিনিধিদের স্বজন এবং দলীয় অনুসারীদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বঞ্চিত কয়েকজন সুবিধাভোগী জানান, স্থানীয় ইউপি সদস্যরা অনেকের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত তাদের কোনো কার্ড দেওয়া হয়নি। উল্টো অভিযোগ উঠেছে, দেহেরগতি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় দলীয় কর্মীদের মাঝে এসব কার্ড বিতরণ করা হয়েছে এবং অনেকে একাধিক কার্ড সংগ্রহ করে চাল উত্তোলন করেছেন।

তালিকায় অনিয়মের বিষয়টি সংশ্লিষ্ট কয়েকজন স্বীকার করে জানিয়েছেন, ইউনিয়নের চাহিদার তুলনায় বরাদ্দ অত্যন্ত কম হওয়ায় তালিকা প্রণয়নে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং কিছু ক্ষেত্রে দলীয় প্রভাব কাজ করেছে। তবে দেহেরগতি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও বাবুগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, সীমিত বরাদ্দের কারণে সব পরিবারকে চাল দেওয়া সম্ভব হয়নি, যার ফলে হয়তো অনেকে ক্ষুব্ধ হয়ে অভিযোগ করছেন।

দরিদ্র ও অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত এই সরকারি সহায়তায় এমন অনিয়মের ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহলের দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের তালিকা পুনর্বিবেচনা করা হোক এবং এই অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

এস.পি/সকালবেলা

মন্তব্য করুন