ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সরদার সাইদী হাসান বাবু, খুলনা জেলা প্রতিনিধি: খুলনার রূপসা উপজেলায় মাত্র ৪০০ টাকা পাওনাকে কেন্দ্র করে এক চা দোকানিকে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় এক কৃষকদল নেতা ও ভ্রাম্যমাণ মাংস বিক্রেতার বিরুদ্ধে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম দীন মোহাম্মদ ঢালী (৫২)। তিনি ভবানীপুর গ্রামের আবুল কাশেম ঢালীর ছেলে এবং স্থানীয় এলাকায় একটি চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘাটভোগ ইউনিয়নের কৃষকদল নেতা ও ভ্রাম্যমাণ মাংস বিক্রেতা আবুল খায়ের লস্কর দীর্ঘদিন ধরে দীন মোহাম্মদের কাছে মাংস বিক্রির ৪০০ টাকা পাওনা ছিলেন। পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে আগে থেকেই মনোমালিন্য চলছিল।
এরই জের ধরে মঙ্গলবার বিকেলে আবুল খায়ের লস্কর দীন মোহাম্মদের চায়ের দোকানে গিয়ে পুনরায় টাকা দাবি করেন। একপর্যায়ে উভয়ের মধ্যে তীব্র কথা কাটাকাটি শুরু হয়, যা দ্রুতই হাতাহাতি ও ধস্তাধস্তিতে রূপ নেয়। উত্তেজনার একপর্যায়ে আবুল খায়ের লস্কর পাশে পড়ে থাকা একটি ইট তুলে দীন মোহাম্মদের মাথায় সজোরে আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়।
স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে আহত দীন মোহাম্মদকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাত্র ৪০০ টাকার বিরোধ থেকে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। অভিযুক্ত আবুল খায়ের লস্করের ইটের আঘাতে দীন মোহাম্মদ গুরুতর জখম হন এবং হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে অভিযান শুরু করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এস.এস.এইচ.বি/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ