‘রিট খেলা বন্ধ করে নির্বাচন দিন’ গজারিয়ার বাউশিয়ায় ইউপি নির্বাচনের দাবিতে তোপ

প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:২৪ অপরাহ্ণ
‘রিট খেলা বন্ধ করে নির্বাচন দিন’ গজারিয়ার বাউশিয়ায় ইউপি নির্বাচনের দাবিতে তোপ
গজারিয়ার বাউশিয়ায় ইউপি নির্বাচন আয়োজনের দাবিতে আলোচনা সভায় বক্তব্য রাখছেন প্রধান আলোচক হাসমত আলী তাঁতী (ফাইল ছবি)।

মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ায় বাউশিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং যথাসময়ে নির্বাচন আয়োজনের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ প্রায় ৯ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত স্থানীয় জনগণ এবার যেকোনো মূল্যে নির্বাচন আয়োজনের জোর দাবি জানিয়েছেন।

আজ শুক্রবার (২৪ জুলাই) বিকেলে মধ্য বাউশিয়া সরকার টাওয়ার সংলগ্ন আমবাগানে ‘স্বপ্নচূড়া ২০০৩’ নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সংগঠনটির সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাদী ইসলাম বাবুর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাউশিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাসমত আলী তাঁতী। বিশেষ আলোচক ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল আহাদ মাস্টার।

প্রধান আলোচক হাসমত আলী তাঁতী বলেন, “সীমানা সংক্রান্ত জটিলতার অজুহাতে কেবল বাউশিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন আটকে রাখা হয়েছে। যাদের জনসমর্থন নেই এবং যারা জানে নির্বাচন হলে নিশ্চিতভাবে পরাজিত হবে, তারাই একের পর এক রিট করে জনগণের ভোটাধিকার হরণ করছে। এবার আর তাদের সেই সুযোগ দেওয়া হবে না।”

সভাপতির বক্তব্যে মাহাদী ইসলাম বাবু বলেন, “আইনের নানা মারপ্যাচে বাউশিয়ার মানুষ বিগত ৯ বছর ধরে ভোট দিতে পারছে না। সামনে সারাদেশে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার প্রক্রিয়া চলছে, অথচ এখানে আবারও নির্বাচন বানচালের অপচেষ্টা চালানো হচ্ছে। জনগণকে সাথে নিয়ে এবার সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে।”

সুশীল সমাজের প্রতিনিধি আনিস দেওয়ান বলেন, “আওয়ামী লীগ সরকারের আমলে শুরু হওয়া এই রিট খেলার মাধ্যমে এখনও একটি গোষ্ঠী জনগণকে ভোটাধিকার থেকে দূরে রাখার চেষ্টা করছে। বর্তমান সংসদ সদস্য কামরুজ্জামান রতনের প্রতি আমাদের আহ্বান, জনগণ যাতে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারে, তিনি যেন সেই ব্যবস্থা গ্রহণ করেন।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাউশিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জিলন সরকার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবীব উল্লাহ, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ও মহিলা দল নেত্রী লাবনী আক্তার বক্তব্য রাখেন।

এ বিষয়ে বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, সীমানা সংক্রান্ত জটিলতার বিষয়টি নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে এবং তারা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।

মন্তব্য করুন