বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে টানা চার দিন ধরে অনশনে বসেছেন এক তরুণী। প্রেমিকের পরিবারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া না পেয়ে রোববার (১৪ জুন) ওই তরুণী বিষের বোতল হাতে নিয়ে আত্মহত্যার হুমকি দেওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত প্রেমিক হুমায়ুন সাচড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নুরনবী বাড়ির মো. নুরনবীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হুমায়ুনের মুদি দোকানে নিয়মিত কেনাকাটা করতে যাওয়ার সুবাদে ওই তরুণীর সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। ভুক্তভোগী তরুণীর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে হুমায়ুন তাঁর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং বিভিন্ন স্থানে স্বামী-স্ত্রী পরিচয়ে ঘোরাঘুরি করেন। কিন্তু সম্প্রতি বিয়ের কথা বলায় হুমায়ুন যোগাযোগ বন্ধ করে দেন এবং বিয়ে করতে অস্বীকৃতি জানান।
অনশনরত তরুণী ক্ষোভ প্রকাশ করে বলেন, “হুমায়ুন আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। ও আমাকে বিয়ের আশ্বাস দিয়েছিল, এখন অস্বীকার করছে। আমি হুমায়ুনকেই বিয়ে করব। সে ছাড়া অন্য কাউকে ভাবি না। ও আমাকে ঘরে তুলে না নিলে এই বাড়ি থেকে আমার লাশ বের হবে।”
স্থানীয় বাসিন্দা হৃদয় বলেন, “কিছুদিন আগে আমি চরফ্যাশনের জ্যাকব টাওয়ার এলাকায় তাঁদের দুজনকে একসঙ্গে ঘুরতে দেখেছি। সেখানে পরিচয় জানতে চাইলে তাঁরা নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দিয়েছিলেন।”
এলাকাবাসী জানান, চার দিন ধরে অনশন করেও কোনো সমাধান না হওয়ায় গতকাল রবিবার দুপুরের দিকে ওই তরুণী হঠাৎ করে একটি বিষের বোতল নিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। পরে হুমায়ুনের পরিবারের সদস্যরা সেটি জোরপূর্বক কেড়ে নেন। এরপরও তরুণী নিজের অনশন অব্যাহত রেখেছেন। বর্তমানে হুমায়ুন ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়ে ঢাকায় অবস্থান করছেন বলে তাঁর পরিবার জানিয়েছে।
ছেলের মায়ের দাবি, “এই মেয়ের সঙ্গে আমার ছেলের সম্পর্কের কথা আমরা আগে কখনো শুনিনি। হুমায়ুন গত ৭-৮ মাস ধরে ঢাকায় চাকরি করছে। আপনারা হুমায়ুনের সঙ্গে কথা বলুন, সে যদি বিয়েতে রাজি হয় তবে আমাদের কোনো আপত্তি নেই।”
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সকালবেলা-কে বলেন, “প্রেমিকের বাড়িতে অনশনের বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। বিষয়টি আমাদের জানা নেই। তবে লিখিত কোনো অভিযোগ কিংবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এআইএল/সকালবেলা
|