ফেনীতে শিশু সহিংসতা প্রতিরোধে সভা অনুষ্ঠিত
এম. জহিরুল হক মিলন, ফেনী প্রতিনিধি: ফেনীতে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তর ফেনীর উপপরিচালক নাসরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা সুলতানা।
ছাগলনাইয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার শফি উল্যাহ, জেলা তথ্য কর্মকর্তা আল আমিন এবং ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সজল কান্তি দাস। এ ছাড়াও ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা আইরিন আক্তার ও ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক নিলুফা ইয়াসমিনসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারী শিক্ষার প্রসার ও অর্থনৈতিক স্বাবলম্বিতা সমাজের অগ্রগতির মূল ভিত্তি। সমাজ থেকে নারী নির্যাতন নির্মূল করতে প্রতিটি সচেতন নাগরিককে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এআইএল/সকালবেলা
|