ঘোড়াঘাটে ওসিসহ পুলিশ কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:২৩ অপরাহ্ণ
ঘোড়াঘাটে ওসিসহ পুলিশ কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

মোঃ শাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে বিএনপির ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত প্রধান আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে থানার সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) ঘোড়াঘাট থানার সামনে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হামলাকারী আওয়ামী নেতাদের রক্ষা করতে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আ ন ম নিয়ামত উল্লাহ এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাব্বির হোসেন ক্ষমতার অপব্যবহার করেছেন। তাঁরা অনৈতিক সুবিধার বিনিময়ে এজাহারভুক্ত প্রধান আসামিদের চার্জশিট থেকে অব্যাহতি দিয়েছেন বলে দাবি করা হয়।

সমাবেশে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন এবং উপজেলা ছাত্রদলের সভাপতি সজীব মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, "আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের রক্ষা করতে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করেনি। অবিলম্বে বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের অপসারণ, বিভাগীয় শাস্তি এবং থানার কতিপয় দালালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।"

এ বিষয়ে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, "ভুক্তভোগীরা যে বিষয়ে মানববন্ধন করেছেন, সে ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা এসআই সাব্বির হোসেন প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতেই তাঁর রিপোর্ট দিয়েছেন।"

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন