আখাউড়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশ: সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ণ
আখাউড়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

সামজাদ জসি, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৪ কেজি গাঁজাসহ মো. আলমাস মিয়া (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। 

আজ সোমবার (২৫ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার উত্তর ইউনিয়নের রাজাপুর এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলমাস মিয়া আখাউড়া উত্তর ইউনিয়নের রাজাপুর এলাকার হুমায়ুন কবিরের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদকের একটি চালান পাচার হচ্ছে— এমন সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশের একটি চৌকস টিম রাজাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ভোররাতে আলমাস মিয়ার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে চারদিক থেকে ঘিরে ফেলে আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৪ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করেছে পুলিশ।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত আলমাস এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত। শুধু মাদকই নয়, তার বিরুদ্ধে ইতিপূর্বেও আখাউড়া থানায় একটি চুরির মামলা রয়েছে।

আখাউড়া থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নতুন মামলা রুজু করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে পুলিশের এই কঠোর ও জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ।

এআইএল/সকালবেলা