জেলা পরিষদ প্রশাসক ভিপি সোহেলকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

জেলা পরিষদ প্রশাসক ভিপি সোহেলকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

তামিম আহমেদ, কিশোরগঞ্জ থেকে: কিশোরগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেলকে (ভিপি সোহেল) ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সদর উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। 

মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টায় জেলা পরিষদ কার্যালয়ে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ ও এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইসরাইল এবং সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফরিদ উদ্দিন মাসুদ সোহেল। তাঁরা নবনিযুক্ত প্রশাসককে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন। এ সময় সদর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরাও সেখানে উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময় শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, খালেদ সাইফুল্লাহ সোহেল দলের জন্য একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম এবং জেল-জুলুম উপেক্ষা করে তিনি দলের আদর্শের প্রতি অবিচল থেকেছেন। তাঁর এই নিয়োগে কিশোরগঞ্জ সদরসহ পুরো জেলার উন্নয়ন কর্মকাণ্ডে নতুন প্রাণের সঞ্চার হবে এবং সাধারণ মানুষ জেলা পরিষদের সরাসরি সুফল পাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

শুভেচ্ছা গ্রহণ শেষে ভিপি সোহেল উপস্থিত সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দের এই ভালোবাসা আমাকে আরও দায়বদ্ধ করল। আমি কিশোরগঞ্জ জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত ও একটি প্রকৃত সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আপনাদের সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।”

তামিম আহমেদ/সকালবেলা

মন্তব্য করুন