কোটচাঁদপুরে শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা

কোটচাঁদপুরে শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে স্ত্রীর ওপর অভিমান করে জহিরুল ইসলাম (৩২) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

সোমবার (১৬ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার কাগমারী গ্রামে শ্বশুরবাড়ি থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জহিরুল ইসলাম ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামের আব্দুল শাহের ছেলে। পেশায় তিনি একজন কসাই ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, জহিরুল ইসলামের সঙ্গে কোটচাঁদপুরের কাগমারী গ্রামের শরিফা খাতুনের (২৭) বিয়ে হয়। গত ৬ মার্চ পারিবারিক কলহের জেরে স্ত্রী শরিফা বাপের বাড়ি চলে আসেন। গত ১২ মার্চ স্ত্রীকে ফিরিয়ে নিতে শ্বশুরবাড়ি আসেন জহিরুল। কিন্তু শরিফা তাঁর সঙ্গে যেতে অস্বীকৃতি জানান। এতে মনে কষ্ট পেয়ে সোমবার সকালে শ্বশুরবাড়ির শোয়ার ঘরে জহিরুল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

শ্বশুরবাড়ির লোকজন তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের শাশুড়ি শাহেদা খাতুন জানান, শরিফা রাগ করে বাড়ি চলে আসার পর জহিরুল তাকে নিতে এসেছিল। মেয়ে যেতে না চাওয়ায় আজ সকালে সে এমন চরম পথ বেছে নিয়েছে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান:

“খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

পারিবারিক অভিমান থেকে ঘটা এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন