বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই
মো: ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার মুসলিম ব্লক এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘরের সমস্ত মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আজ বুধবার (৩ জুন) বিকেল আনুমানিক ৫টার সময় স্থানীয় বাসিন্দা মোঃ শাহাজাহানের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রান্নার গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস নির্গত (লিকেজ) হওয়ার একপর্যায়ে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে সেই আগুন ঘরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে এবং ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়সহ মূল্যবান প্রয়োজনীয় সামগ্রী দাউদাউ করে জ্বলতে শুরু করে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালান। পাশাপাশি মারিশ্যা জোন ২৭ বিজিবির সদস্যরা তাৎক্ষণিক উদ্যোগে এগিয়ে আসেন এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বিজিবি ও স্থানীয়দের দ্রুত পদক্ষেপের ফলে আগুন আশপাশের অন্যান্য বসতঘরে ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এই অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি বা হতাহতের ঘটনা না ঘটলেও ক্ষতিগ্রস্ত পরিবারটি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। আগুনে ঘরের মূল্যবান সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যাওয়ায় পরিবারটির মধ্যে চরম দুর্ভোগ নেমে এসেছে।
এদিকে এই দুর্ঘটনার পর স্থানীয় এলাকাবাসীর মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে স্থানীয় বাসিন্দারা গ্যাস সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে আরও বেশি সতর্কতা ও সচেতনতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেছেন। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ এবং ঘটনার সার্বিক তথ্য সংগ্রহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছেন।
এআইএল/সকালবেলা