গাজীপুরে গ্যাস সংকটে উৎপাদন কমেছে ৪০ শতাংশ
রেজাউল করিম মজুমদার, গাজীপুর: তীব্র গ্যাস সংকটে গাজীপুরের শিল্পাঞ্চলের প্রায় ১৫ শতাংশ বা ৪৫০টি কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সেন্ট্রাল সাপ্লাইয়ে গ্যাসের তীব্র ঘাটতি এবং লাইনের শেষ প্রান্তে চাপ না থাকায় শিল্পাঞ্চলের সামগ্রিক উৎপাদন প্রায় ৪০ শতাংশ পর্যন্ত কমে গেছে।
গাজীপুরে অবস্থিত তিন হাজারের বেশি ছোট-বড় শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে চার শতাধিক কারখানায় পর্যাপ্ত গ্যাসের চাপ পাওয়া যাচ্ছে না। বিশেষ করে টেক্সটাইল, ডাইং, ওয়াশিং ও স্পিনিং খাত সবচেয়ে বেশি সংকটে পড়েছে।
গ্যাসের স্বল্পচাপের কারণে বাধ্য হয়ে কারখানাগুলোতে শ্রমিকদের কাজ বন্ধ রেখে বসিয়ে রাখতে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে লোকসানের মাত্রা সামলাতে না পেরে অনেক কারখানা সাময়িক ছুটি বা লে-অফ ঘোষণা করতে বাধ্য হচ্ছে।
গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, ১৫ শতাংশ কারখানায় উৎপাদনে বিঘ্ন ঘটলেও পুরোপুরি বন্ধের ঘটনা কম, তবে মাঠপর্যায়ের চিত্র উদ্বেগজনক। বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগর সভাপতি শফিউল আলম জানান, উৎপাদন কমে যাওয়ায় ওভারটাইম বন্ধ হয়ে শ্রমিকদের আয় কমে গেছে, যা তাঁদের দৈনন্দিন জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে।
ডাইং ও নিটিং খাতের উদ্যোক্তাদের মতে, গ্যাসের সরবরাহ না থাকায় সময়মতো পোশাক শিপমেন্ট করা যাচ্ছে না। এতে আন্তর্জাতিক ক্রেতা ও রপ্তানি আদেশ হারানোর চরম ঝুঁকি তৈরি হয়েছে।
তিতাস গ্যাসের গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক (ডিস্ট্রিবিউশন) সাইফুজ্জামান সানি জানান, কেন্দ্রীয়ভাবে সরবরাহ কম থাকায় পুরো অঞ্চলে চাহিদার তুলনায় গ্যাস কম মিলছে। লাইনের শেষ প্রান্তের কারখানাগুলোতে সংকট সবচেয়ে বেশি। গ্যাসের চাপ স্বাভাবিক রাখতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সমন্বয় অব্যাহত রেখেছে।
এআইএল/সকালবেলা