ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সুরুজ মিয়া, শিবপুর (নরসিংদী): নরসিংদীর শিবপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) দিবসটি উপলক্ষ্যে শিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
বেলা সাড়ে ১১টায় শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিন। পুরো আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে এবং সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে তাঁদের প্রতি রাষ্ট্রীয় কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী। তিনি তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের আত্মত্যাগ স্মরণ করেন এবং জীবিত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আবদুর রহিম, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কোহিনূর মিয়া এবং নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টার। এছাড়াও বক্তব্য রাখেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার কালা মিয়া, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার, শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব মোঃ নঈম উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা রাশিদা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংবর্ধনা অনুষ্ঠানের আগে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এরপর উপজেলা পরিষদ মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী (ডিসপ্লে) অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। শিক্ষার্থীদের দেশাত্মবোধক গান ও সুশৃঙ্খল ডিসপ্লে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ