ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক, রংপুর: পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন শরিফুল ইসলাম। কিন্তু ঘাতক ট্রাকের ধাক্কায় পথেই থেমে গেল সব স্বপ্ন। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় শরিফুলসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ ) সকালে পাটগ্রাম উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— শরিফুল ইসলাম (৩৫), তাঁর স্ত্রী এবং তাঁদের শিশুসন্তান। শরিফুলের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে। তিনি পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ঈদের ছুটিতে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে পাটগ্রাম থেকে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হন শরিফুল। মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শরিফুল, তাঁর স্ত্রী ও এক ছেলের মৃত্যু হয়।

দুর্ঘটনায় শরিফুলের মেয়ে গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:

"বেপরোয়া ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে এবং ঘাতক ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে। আহত শিশুকে চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।"

ঈদের আগমুহূর্তে এমন মর্মান্তিক মৃত্যুতে শরিফুলের গ্রাম ও পাটগ্রাম এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন