মাদারীপুরে সাজাপ্রাপ্ত ৪ আসামি গ্রেফতার
নাহিদ জামান, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের ডাসার উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেফতার করেছে ডাসার থানা-পুলিশ।
আজ সোমবার (৮ জুন) দুপুরে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল রবিবার (৭ জুন) সন্ধ্যার পর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় ডাসার থানা-পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী ও বিশেষ পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করে। অভিযানকালে ২৫ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত এই দুজন হলো— উপজেলার পূর্ব বনগ্রামের কালু সরদারের ছেলে হোসেন সরদার (২০) এবং দক্ষিণ চলবল গ্রামের গৌতম বালার ছেলে নিটোল বালা (৩৫)।
একই অভিযানে অন্য একটি মামলায় দেড় বছরের (১ বছর ৬ মাস) সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি এবং সিআর (কোর্ট রেজিস্টার) পরোয়ানামুক্ত আরও এক আসামিকে গ্রেফতার করে পুলিশ। তাঁরা হলেন— উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর এলাকার মন্টু সরকারের ছেলে মিঠুন সরকার এবং দক্ষিণ চলবল গ্রামের মৃত রাধেশ্যাম জয়ধরের ছেলে লিংকন জয়ধর।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ নিউজ পোর্টালকে বলেন, “উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে মাদকসহ দুই কারবারি এবং সাজাপ্রাপ্ত ও সিআর পরোয়ানাভুক্ত আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত চার আসামিকেই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।” এলাকাকে অপরাধমুক্ত রাখতে পুলিশের এই অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।
এআইএল/সকালবেলা