মোকামতলায় চুরির চেষ্টাকালে গ্রেপ্তার চার
শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার মোকামতলায় চুরির প্রস্তুতাকালে সংঘবদ্ধ চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) ভোর ৩টার দিকে উপজেলার দেউলী এলাকা থেকে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—বগুড়ার শিবগঞ্জ উপজেলার কুড়াহার আয়নাপাড়া গ্রামের বাসিন্দা সাজু, মিনাজুল ও রব্বানী এবং বগুড়া সদর উপজেলার ধলমন বামনপাড়া এলাকার আনছার।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, বুধবার দিবাগত গভীর রাতে সংগঠিত হয়ে চুরির উদ্দেশ্যে দেউলী এলাকায় সমবেত হয় চক্রটি। গোপন সূত্রের ভিত্তিতে সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ওই এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করে। পরবর্তীতে নিয়মিত মামলা রুজু করে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে গতকাল দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।"
তিনি আরও উল্লেখ করেন, মোকামতলা ও সংলগ্ন এলাকাগুলোতে যেকোনো ধরণের চুরি-ছিনতাই রুখতে বিটের টহল ও গোয়েন্দা নজরদারি দ্বিগুণ করা হয়েছে এবং অপরাধ দমনে এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা