রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নিহত ৪, আহত ২
মো. সোহরাওয়ার্দী সাব্বির, রাঙ্গামাটি: রাঙ্গামাটির মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।
রোববার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাঙ্গামাটি শহর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জনের মৃত্যু হয়।
নিহতরা হলেন— মেঘরানী চাকমা, শান্তনা চাকমা, শোভা চাকমা এবং শান্তি রঞ্জন চাকমা।
দুর্ঘটনায় গুরুতর আহত জ্ঞান বিকাশ চাকমা ও সুমন চাকমাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করেছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে।
এআইএল/সকালবেলা
|