ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নিহত ৪
সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী লোকাল বাস মহাসড়কের পাশে গভীর খাদে উল্টে পড়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় এক শিশু ও নারীসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।
আজ সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামোড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নিহত চারজনের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও একটি শিশু রয়েছে। তাদের মধ্যে তাৎক্ষণিকভাবে দুইজনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন— সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার বাসিন্দা আরস আলী মুন্সি (৭০) এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাসিন্দা মৌসুমি দাস (৩০)। বাকি দুজনের নাম-পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে যাত্রীবাহী লোকাল বাসটি ঢাকা-সিলেট মহাসড়ক ধরে যাওয়ার সময় বৈশামোড়া এলাকায় পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে পাশের একটি গভীর খাদে উল্টে যায়। ঘটনাস্থলেই চার যাত্রী প্রাণ হারান এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। স্থানীয় বাসিন্দাদের সক্রিয় সহায়তায় তারা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মো. আব্দুল বাতেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যাওয়ায় এই হতাহতের ঘটনা ঘটেছে। ঘটনার পর দ্রুত উদ্ধার কাজ চালানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।” দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করার প্রক্রিয়া চলছে এবং এই বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এআইএল/সকালবেলা