গোপালগঞ্জে দুই গাড়ির সংঘর্ষে আহত ৫

প্রকাশ: রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ণ
গোপালগঞ্জে দুই গাড়ির সংঘর্ষে আহত ৫

পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি গোপালগঞ্জ: ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্স এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। 

আজ রবিবার (২১ জুন) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে ঢাকাগামী ‘ওয়েলকাম পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস মহাসড়কের গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্স এলাকা অতিক্রম করার সময় বিপরীতমুখী একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপ ভ্যানটি মহাসড়কের ওপর উল্টে যায়। এ সময় পিকআপের চালক গুরুতর আহত হলেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান। বাসের কয়েকজন যাত্রীসহ এই দুর্ঘটনায় সর্বমোট ৫ জন আহত হয়েছেন।

হাইওয়ে ও স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, গোপালগঞ্জে চলতি সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় বড় সড়ক দুর্ঘটনা। পরপর দুর্ঘটনার কারণে এই মহাসড়কে চলাচলকারী সাধারণ মানুষ ও স্থানীয় জনমনে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা মহাসড়কে বেপরোয়া গতি নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।

গোপালগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ঘাতক ওয়েলকাম পরিবহন বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন