গাজীপুরে ২৬৭ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার
অনলাইন ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে ২৬৭ পিস ইয়াবাসহ পাঁচজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (২০ জুন) রাতে কালিয়াকৈর থানা পুলিশের বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— কালিয়াকৈর উপজেলার আন্ধারমানিক এলাকার শাহিন আহমেদ (২৩) ও আজিবর রহমান (২৮), নারায়ণগঞ্জ সদরের বাবুরআইল গ্রামের তানভীর আহমেদ (৩০), কালিয়াকৈরের ফুলবাড়িয়া পূর্বপাড়া গ্রামের শফিকুল ইসলাম (৩৩) এবং বরিশালের হিজলা উপজেলার বাধুয়া গ্রামের মামুন (২৩)। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কেনাবেচা করে আসছিলেন।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আন্ধারমানিক পূর্বপাড়া বালুরমাঠ এলাকায় প্রথম অভিযানটি চালানো হয়। সেখানে মাদক কেনাবেচার সময় হাতেনাতে ২৫০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, একই রাতে উপজেলার ফুলবাড়িয়া এলাকায় পরিচালিত পৃথক আরেকটি অভিযানে ১৭ পিস ইয়াবাসহ শফিকুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। দুটি সফল অভিযান মিলিয়ে সর্বমোট ২৬৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম পিপিএম (বার) সংবাদমাধ্যমকে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। আজ রবিবার (২১ জুন) দুপুরে তাদের আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এমন অভিযান চলমান থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
সূত্র: বাসস
|